Published : 16 Mar 2026, 11:07 PM
মাতুয়াইলের ময়লার ভাগাড়কে দৃষ্টিনন্দন ইকো পার্ক ও খেলার মাঠে রূপান্তরের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রাজধানীর দক্ষিণের ময়লা ফেলার এ ভাগাড়ের (ল্যান্ডফিল) দুর্গন্ধ ও দূষণ দূর করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে নাগরিক বিনোদন কেন্দ্রে পরিণত করার এ পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন করপোরেশনের নতুন প্রশাসক মো. আবদুস সালাম।
সোমবার এ ল্যান্ডফিল এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তুলে ধরা হয়।
এসময় প্রশাসক সেখানে একটি নতুন কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। এখানে দৈনিক ১০০ টন গৃহস্থালী পচনশীল বর্জ্য থেকে ২০ টন জৈব সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আবদুস সালাম বলেন, এটি সফল হলে এর পরিসর আরও বাড়ানো হবে, যা সিটি করপোরেশনের রাজস্ব বাড়াতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, ল্যান্ডফিলে প্রতিদিন সংগ্রহ করা ৩২০০ থেকে ৩৫০০ টন বর্জ্যকে ‘মূল্যবান সম্পদে’ রূপান্তরের লক্ষ্যে একটি কোরিয়ান বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ কোরবানী ঈদের পর শুরু হবে।
এর মাধ্যমে বর্জ্য ডাম্পিং করার পরিবর্তে তা প্রক্রিয়াকরণ করে গ্যাস, বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হবে, যোগ করেন তিনি।
ময়লার ভাগাড়ে প্রায় আগুন লাগার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ল্যান্ডফিলে প্রায়ই অগ্নিকাণ্ড রোধে ১৮১ একর জায়গাজুড়ে ৪০টি পয়েন্টে পানি ছিটানোর স্বয়ংক্রিয় মেশিন স্থাপন এবং পানির লাইনসহ স্থায়ী জলাধার নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
জরুরি ভিত্তিতে আগুন নেভাতে নতুন ছয়টি পোর্টেবল পাম্প কেনার কথাও বলেন তিনি।
তার ভাষ্য, ময়লার স্তূপ থেকে উৎপন্ন মিথেন গ্যাসের কারণেই মূলত এখানে আগুন লাগে। বর্তমানে ময়লার উপরে মাটির আচ্ছাদন দেওয়ার কাজ প্রায় ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে, যা দুর্গন্ধ ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।
জনগণের ভোগান্তির জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।