১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যাংকের ৫০ লাখ টাকা আত্মসাৎ: চট্টগ্রামে ১ জনের যাবজ্জীবন, ৪ জনের দশ বছর সাজা

রাষ্ট্রপক্ষের ৭ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 09:14 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

চট্টগ্রামে দশ বছর আগে পূবালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। 

বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রোববার এ মামলার রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- বিজয় কুমার দাশ, মাজাহারুল ইসলাম, আশিকুর রহমান, তানজুর রহমান ও রাজিবুর রহমান। 

তাদের মধ্যে বিজয় দাশকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

অন্যদের দশ বছর করে কারাদণ্ড ও ১০ লাখ ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম রনি বলেন, রাষ্ট্রপক্ষের ৭ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। রায়ের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, আসামিরা পূবালী ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা সংগ্রহ ও বিতরণের দায়িত্বে ছিলেন। ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি ব্যাংকের সীতাকুণ্ড শাখা থেকে ৮১ লাখ টাকার দুটি বস্তা নিয়ে তারা চট্টগ্রাম নগরীর সিডিএ করপোরেট শাখায় রওনা হন। 

পথে তারা গাড়ি থেকে পড়ে যাওয়ার কথা বলে ‘পরস্পর যোগসাজশে’ ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করেন পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক তৌফিকুর রহমান। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিজয় টাকা বহনকারী গাড়িটির চালক ছিলেন। রাজিবুর রহমান ব্যাংকের জুনিয়র অফিসার (ক্যাশ) এবং অন্যরা ছিলেন নিরাপত্তাকর্মী।