Published : 13 May 2026, 05:33 PM
অবৈধ খাল দখলদারের পুনর্বাসানের সুযোগ নেই বলে সকর্ত করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার ঢাকার কালশি এলাকায় ‘সাংবাদিক আবাসিক এলাকা খাল’ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন।
ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালটির উপর ঘর-বাড়ি রয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, “অবৈধভাবে যারা খালের জায়গা দখল করে স্থাপনা বানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অপসারণ না করেন, তাহলে আইনিভাবে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আমরা সেটা উচ্ছেদ করব।
“কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সরকারি বা সংস্থার জমির ওপর স্থাপনা নির্মাণ করে, তাহলে সেটির দায় তাকেই নিতে হবে। তবে মানবিক দিক বিবেচনায় কেউ সময় চাইলে আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হতে পারে”
প্রশাসক বলেন, “খাল উদ্ধারের বিকল্প নেই। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি।”
সাংবাদিক কলোনি খাল ভাগাড়ে পরিণত হয়েছে মন্তব্য করে প্রশাসক বলেন, “দীর্ঘদিন ধরে খালটি অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা একাধিকবার খালটি পরিষ্কার করলেও অল্প সময়ের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায়। তাই আমরা বিষয়টি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি।
“আপাতত আগামী এক সপ্তাহ খালটি পরিষ্কার করা হবে, যেন এলাকাবাসী সাময়িকভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বাড়ির মালিক সমিতি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করা হবে।”
তিনি বলেন, “গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবেন, এটা হতে পারে না। জনগণের টাকায় আমরা প্রতিদিন খাল পরিষ্কার করব, পরের দিন আগের অবস্থায় ফিরে যাবে, সেটা মেনে নেওয়া হবে না।”