০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৩৪ জেলায় মৃদু তাপপ্রবাহ, থাকতে পারে ৩ দিন

দুপুরের দিকে ঢাকার কোথাও কোথাও এক পশলা বৃষ্টি হলেও তাতে গরম কমেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 05:02 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

দেশের ৩৪ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ তাপপ্রবাহ আরো তিন দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। 

সোমবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা, রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

"এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক। এ তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।"

সোমবার সকালে ৫ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এদিন সকাল নয়টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই আভাস দেওয়া হয়েছে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গার ক্ষেত্রেও।

এর বাইরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মো. ওমর ফারুক বলেন, "যেসব স্থানে বৃষ্টিপাত হবে, সেসব স্থানের তাপমাত্রা কিছুটা কমতে পারে।"

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকাতে আকাশে চলছে মেঘ-রোদ্দুরের খেলা। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেন পথচারী আর শ্রমজীবী মানুষ। দুপুরের দিকে কোথাও কোথাও এক পশলা বৃষ্টি হলেও তাতে গরম কমেনি। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে; ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

এই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুতুবদিয়ায় গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা।

বুধবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।