Published : 19 Apr 2026, 06:47 PM
সংবাদপত্রকর্মীদের বেতন-ভাতা হালনাগাদে দশম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়। তবে সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্যের কারণে তা কার্যকর হয়নি।
রোববার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
তথ্যমন্ত্রী স্বপন বলেন, “খুব শীঘ্রই দশম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে।”
তিনি জানান, নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বর্তমানে ছয়টি রিট মামলা ও দেওয়ানি আবেদন চলমান রয়েছে।
সংসদে আরেক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা, সহায়তা, মর্যাদা এবং নিরাপদ পেশাগত পরিবেশ তৈরির লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বিরোধী দলের সংসদ সদস্য নুরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হুমকি, হামলা ও ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত রেফারেল, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা, জেলা পর্যায়ে সাংবাদিক সুরক্ষা উদ্যোগ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আইন সংশোধনের কাজও চলছে বলে জানান মন্ত্রী স্বপন।
সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করার কার্যক্রম চলমান রয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, পেশাগত কাজ করতে অক্ষম বা অসমর্থ, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা ব্যয় বহনে অক্ষম সাংবাদিকদের এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সহায়তা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী স্বপন জানান, ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত মোট ১ হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানকে ৭৩ লাখ ২৬ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে। গেল রোজার মাসে দুই হাজার সাংবাদিক পরিবারকে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতে নতুন পরিকল্পনার কথাও সংসদে জানান তথ্যমন্ত্রী।
বিরোধী দলের সংসদ সদস্য আবদুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডেটাবেইজ তৈরির পরিকল্পনা নিয়েছে।
টেলিভিশন চ্যানেলের বিষয়ে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী স্বপন বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল রয়েছে ৪টি।
তিনি বলেন, ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেলের আবেদন বর্তমানে অনুমোদনের অপেক্ষায় নেই। ভবিষ্যতে এ ধরনের আবেদন এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরিয়া সারের উৎপাদন ঘাটতি নিয়ে কথা বলেন।
তিনি বলেন, বিশ্বে চলমান বিভিন্ন যুদ্ধের কারণে সব ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে কেবল ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনে রয়েছে। ফলে উৎপাদন ঘাটতি মোকাবিলায় জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সাবিক থেকে অতিরিক্ত ২ লাখ মেট্রিক টন, ইউএইর ফার্টিগ্রোব থেকে অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন এবং আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে আরও ৪ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী পহেলা মে থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ পাওয়া গেলে কারখানাটি চালু করা সম্ভব হবে।
শিল্পকারখানায় ব্যবহৃত জ্বালানি ও কাঁচামাল জিটুজি পদ্ধতি ও টেন্ডারের মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ ছাড়া টিএসপি ও ডিএপি সার কারখানার উৎপাদনে ব্যবহৃত রক ফসফেট, ফসফরিক অ্যাসিড ও সালফারের সরবরাহ স্বাভাবিক রাখতে মরক্কো, জর্ডান, ওমান, ইউএই, চীন ও মালয়েশিয়া থেকে জিটুজি চুক্তির মাধ্যমে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী মুক্তাদির।