Published : 26 Jul 2025, 11:05 PM
রাজধানীর গুলশান থেকে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন।
শনিবার সন্ধ্যার পর গুলশান ২ নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
গ্রেপ্তাররা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদার (২১), মো. ইব্রাহিম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।
অপরজন শিশু হওয়ায় তার নাম, পরিচয় ও গ্রেপ্তারের ছবি দেয়নি পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, “চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর গুলশান ২ নম্বরের একটি বাসার সামনে থেকে আমরা তাদের গ্রেপ্তার করি।
“এখনো আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিস্তারিত বলা যাবে।"
গুলশান থানার ওসি হাফিজুর বলেন, “সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার বাসায় নেই। কিন্তু তার বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগে ১০ লাখ টাকা চাঁদা দিলেও আজ বাসায় গিয়ে বাকি টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করা হয়। পরে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে ধরে এনেছি।"
বৈষম্যবিরোধীদের ৩ জন বহিষ্কার
এ ঘটনার খবর সংবাদমাধ্যমে আসার পর সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার তিন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাব।
শনিবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওই তিনজন সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এজন্য সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম তাদের স্থায়ী বহিষ্কার অনুমোদন করেন।
বহিষ্কার হওয়া নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব নেতাকর্মীকে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে এ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি শ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক রিয়াদের বিষয়ে কিছু বলা হয়নি।