Published : 10 Sep 2025, 06:02 PM
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
‘প্রেক্ষাপটের সাক্ষী’ হিসেবে তারা আগামী সোমবার সাক্ষ্য দেবেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বুধবার জানিয়েছেন।
২০২৪ সালে জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এ মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ চলা মামলার বিচারে এ পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
প্রসিকিউটর তামীম বলেন, “আজ (বুধবার) ঐতিহাসিক অর্থাৎ ‘প্রেক্ষাপটের সাক্ষী’ হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল এ দুজনের। কিন্তু ব্যক্তিগত কারণে অসুবিধা থাকায় প্রসিকিউশন সময়ের প্রার্থনা করে ট্রাইব্যুনালে। সে অনুযায়ী ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সোমবার তাদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে।”
ট্রাইব্যুনালে ২ পুলিশ সদস্য
যশোরের চৌগাছায় ২০১৬ সালে শিবিরের দুই নেতাকে ধরে নিয়ে পায়ে গুলি করার ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তারা হলেন ইন্সপেক্টর মো. আতিকুল ইসলাম ও কন্সটেবল সাজ্জাদুর রহমান।
প্রসিকিউটর তামীম বলেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুই শিবির নেতাকে আটক করে চৌগাছা থানায় নেওয়া হয়। এরপর ‘বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে’ তাদের হাঁটুতে গুলি করেন ওই দুই পুলিশ সদস্য। পরে দুই শিবির নেতার পা কেটে ফেলতে হয়।
তামীম বলেন, “বিরোধী মতের মানুষকে নিপীড়ন ও নির্যাতনের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয় বলে এটিকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়।”