১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীসহ ৪ জনের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

অনুসন্ধানের জন্য এ নথি চেয়ে আবেদন করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 03:36 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেনসহ চারজনের আয়কর নথি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সিআইডি আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার কর অঞ্চল-৮-কে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

সিআইডি বাকি যে দুজনের আয়কর নথি চেয়েছে, তারা হলেন—মাদারীপুর-১ আসনের সাবেক সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর পিএস শাহাদাৎ হোসেন। 

এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই মনিরুজ্জামান তাদের আয়কর নথি বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন। 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে বলে জানিয়েছেন আজিজুল হক দিদার।

আবেদনে বলা হয়েছে, নিক্সন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছে। এ সংক্রান্ত অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও আনুষঙ্গিক কাগজপত্র দরকার।