১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দক্ষিণখানে দুই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চিকিৎসকদের বরাতে ভুক্তভোগীর মামা বলছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 08:26 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

রাজধানীর দক্ষিণখানে দুই বছর বয়সি এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন তার অভিভাবকরা।

শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। 

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “দক্ষিণখান থেকে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”

এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।”

স্থানীয়রা বলছেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ এক কিশোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে লোকজন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তারের কথা প্রকাশ করেনি।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার মামা বলেন, দক্ষিণখানের কাওলা শেখবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় তার বোনের পরিবার থাকে। দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তার মা কাজে চলে যায়। 

“দুপুর পৌনে ৩টার দিকে আমার বোন কাজ শেষে বাসায় ফিরে দেখে বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশের বাসার এক কিশোরের নাম বলতে বলতে সে কাঁদছিল।”

মামা বলেন, “দ্রুত ওকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই আমরা। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখানকার ডাক্তাররা বলছে, বাচ্চাটার অবস্থা আশঙ্কাজনক।”