০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিরোধীদলের ওয়াকআউটে ত্রয়োদশ সংসদের সূচনা

12 Mar 2026, 05:52 PM

লাইভ ব্লগের সমাপ্তি

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে আমাদের লাইভ ব্লগের এখানেই সমাপ্তি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

12 Mar 2026, 05:46 PM

সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী ১৫ মার্চ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের পর এ ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।  

12 Mar 2026, 05:30 PM

দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে সরকারের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রপতি

রীতি মেনে ত্রয়োদশ সংসদের প্রথম দিনে জাতীয় সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন; বললেন দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের পতন ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের মাধ্যমে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ।

“সেই লক্ষ্য অর্জনে ফ্যাসিবাদ পতন পরবর্তী সরকার কর্তৃক রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে জনগুরুত্বপূর্ণ খাত সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান সরকারও ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে উপজীব্য করে দলীয় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল। ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে গণতন্ত্র, জবাবদিহিতা ও সুশাসন-এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে।”

রাষ্ট্রপ্রধান বলেন, সরকারের সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। 

“এই দুইটি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে।”

সাহাবুদ্দিন বলেন, “তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। ২০০১ সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। 

“এ ছাড়া দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ প্রণয়ন করে। এর ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে বাংলাদেশ মুক্তি পায়।”

রাষ্ট্রপতি বলেন, “২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়।

“এবারও দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার।”
 

12 Mar 2026, 04:36 PM

ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ

ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনটি ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “৫ অগাস্ট তথা ৩৬ জুলাই আমি এবং আমার সহযোদ্ধারা এদেশের ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম।”

নাহিদ ইসলাম জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের জন্য দোয়া করেন।

ঢাকা-১১ আসন থেকে নির্বাচনে জয় পাওয়া নাহিদ বলেন, চব্বিশ মানে কেবল চব্বিশ নয়। তিনি বলেন, এর পেছনে বিশাল ইতিহাস আছে।

তিনি পিলখানা হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন, শরিফ ওসমান হাদি, আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের মৃত্যুর কথাও স্মরণ করেন।

12 Mar 2026, 04:15 PM

খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। 

তিনি বলেন, খালেদা জিয়া যত আসনেই নির্বাচন করেছেন, সবকটিতেই তার জয় এসেছে।

সংসদে শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা চলার সময় সালাহউদ্দিন আহমদ কথা বলছিলেন।

দলের প্রয়াত চেয়ারপারসনকে নিয়ে তিনি বলেন, “আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। তিনি জীবিত থাকবেন গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে।”

একাত্তরের মুক্তিযুদ্ধের ও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

12 Mar 2026, 04:13 PM

যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোকপ্রস্তাবে যুক্ত করা হল একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর ছয়জন এবং বিএনপির এক নেতার নাম।

বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়।    

এ সময় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম শোকপ্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে। 

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেগুলো অন্তর্ভুক্ত করার কথা জানান। তিনি বিএনপির সাবেক এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর নামও যুক্ত করে নেন। সংসদে আলোচনা শেষে শোকপ্রস্তাব গৃহীত হয়।  

২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী ছিলেন নিজামী ও মুজাহিদ। আর সাঈদী ছিলেন সংসদ সদস্য।  

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ওই সাতজনই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন।

তাদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদী কারাগারে মারা যান। আর ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ ‘প্রমাণিত হওয়ায়’ তাদের দণ্ড দেওয়ার কথা বলা হয় ট্রাইব্যুনালের রায়ে।

12 Mar 2026, 03:46 PM

আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর

সংসদ পরিচালনায় স্পিকার সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য রাখবেন না বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বক্তব্যের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান। 

তার কথায়, এই সংসদ ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’। 

শফিকুর বলেন, “স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না বলে আশা করি। আমরা মনে করি স্পিকারের কাছে সুবিচার পাব।”

এবারের সংসদে অনেক তরুণ নেতা আছেন জানিয়ে নিজেকেও তরুণ বলে মন্তব্য করেন বিরোধী দলের নেতা।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, “আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।”

স্পিকারের কাছ থেকে কেবল ‘ইনসাফ’ আশা করেন বলে জানিয়েছেন শফিকুর রহমান। 

শেষে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে বক্তব্য শেষ করেন বিরোধী দলীয় নেতা।

12 Mar 2026, 03:43 PM

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট

ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে জামায়াত জোটের সাংসদরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বক্তব্যের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন কক্ষে প্রবেশের ঘোষণা দেওয়া হলে জামায়াত জোটের এমপিরা আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। এ সময় তারা ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ লেখা লাল রঙের কার্ড প্রদর্শন করেন।

সংসদ কক্ষে রাষ্ট্রপতি প্রবেশ করলে প্রচলিত রীতিতে সংসদ নেতা ও সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে বিরোধী দলের সদস্যদের একটি অংশ প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের আসনে বসে থাকেন।

এ সময় বিউগলে জাতীয় সংগীত বাজতে শুরু করলে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদের কর্মকর্তারা জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে সদস্যদের দাঁড়ানোর অনুরোধ করেন। তখন কেউ কেউ দাঁড়ালেও কয়েকজন সদস্য বসে ছিলেন। তবে একে একে সবাই একসময় দাঁড়িয়ে যান। এসময় জামায়াত জোটের সদস্যদের প্রতিবাদ বন্ধ রেখে নীরবে থাকতে দেখা যায়।

এর মধ্যে রাষ্ট্রপতি সংসদে তার ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধান অনুযায়ী একটি বাধ্যবাধকতা।

স্পিকার বলেন, “আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।”

তবে স্পিকারের আহ্বানের মধ্যেই বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। সংসদের প্রথম দিনের অধিবেশনেই এই ঘটনাকে কেন্দ্র করে কক্ষে উত্তেজনা সৃষ্টি হয়।

রীতি মেনে প্রথম দিনই জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের সূচি প্রকাশের পর থেকেই বিরোধিতা করে আসছিল জামায়াত জোট।

12 Mar 2026, 03:04 PM

এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী

স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদ ‘দেশের মানুষের সংসদ’।

তারেক রহমান বলেন, “আজকের এই সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ এবং জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই।”

বাংলাদেশে ফের কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চেয়েছেন।

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায়। এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার আশ্বাস দেন তারেক রহমান। তিনি তাদের অভিনন্দনও জানিয়েছেন।

12 Mar 2026, 02:36 PM

সবার আগে বাংলাদেশ, এটা হোক মূলমন্ত্র: স্পিকার

নামাজের বিরতির পর বেলা দেড়টার পরেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

স্পিকার হিসেবে রাখা প্রথম বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন “সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র। 

তার কথায়, এই দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হল জনগণম আর এই সংসদ গণতন্ত্রের প্রতীক। মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় । এছাড়া বাংলাদেশের ইতিহাসে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনের কথাও উঠে আসে তার বক্তব্যে। 

স্পিকার হাফিজ বলেন, “বিভিন্ন সময় স্বৈরশাসকের আগমন ঘটেছে এই দেশে। বাংলাদেশের জনগণ লড়াই করেছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট জনগণকে বিদায় দেওয়া হয়েছে। ”

শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ এবং ওয়াসিমের নাম উচ্চারণ করে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার।

স্পিকার বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে আশা করেন স্পিকার। 

এছাড়া নিরপেক্ষতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।  

12 Mar 2026, 02:36 PM

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ চালাবেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত তালিকায় রয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির এমপি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনে বিএনপির এমপি গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনে বিএনপির এমপি আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনে বিএনপির এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি এটিএম আজহারুল ইসলাম।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের নাম ঘোষণা করে বলেন, “স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।”

12 Mar 2026, 02:10 PM

দলীয় পদ ছাড়লেন স্পিকার হাফিজ

নামাজের বিরতির পর বেলা দেড়টার পরপর ফের সংসদ অধিবেশন শুরু হয়েছেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এসময় ‘নিরপেক্ষতার জন্য’ বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন।

তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র।”

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পিতবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। 

সংসদ নেতা তারেক রহমানের অধিবেশনের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সায় দেন। 

পরে সভাপতি মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন। 


 

12 Mar 2026, 01:52 PM

দুই দিকের দুই কাণ্ডারি, সংসদে দুজনই প্রথম

প্রথমবার সংসদ সদস্য হয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন একঝাঁক নতুন মুখ, যাদের মধ্যে সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে কোট-প্যান্ট পরে সংসদ নেতা তারেক রহমান যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করছিলেন, তখন সাংসদরা তাকে টেবিল চাপড়িয়ে অভিবাদন জানায়। হাস্যোজ্জ্বল তারেক রহমান এসে চারপাশে তাঁকিয়ে নিজের আসনে বসেন।

এসময়ে ভিভিআইপি লাউঞ্জের প্রথম সারিতে বসা প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও কন্য জাইমা রহমান দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচিত হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে পা রেখেছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়াউর রহমানের পরিবারের দ্বিতীয় প্রজন্মের সরকার প্রধান হিসেবে বৃহস্পতিবার সংসদে পা রাখলেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করছেন।

প্রথমবারের মতো সংসদে পা রেখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, যিনি ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন সংসদে। সংসদের অধিবেশন কক্ষে বিরোধী দলের নেতার আসনে বসেছেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে ২২৫ জনই প্রথমবার সাংসদ হয়ে অধিবেশনে যোগ দিয়েছেন।
 

12 Mar 2026, 01:20 PM

গ্যালারিতে ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো ভরে গেছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে।

প্রথম অধিবেশন সংসদের ভিভিআইপি গ্যালিরিতে রয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস । আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান নির্বাচন কমিশনার  এ এম এম নাসির উদ্দীন।

সকাল ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নির্বাচিত সাংসদরা সকাল ১০টা থেকে অধিবেশন কক্ষে প্রবেশ করেন, নিজের আসনটি দেখে নেন, একে অপরের সাথে কুশল বিনিয়ম করেন।

সংসদ সচিবালয় প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূনীতিক, সরকারি ঊর্ধবতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্য চারপাশের গ্যালারিতে আসন দেওয়া হয়েছে।

অধিবেশন দেখতে এসেছে প্রধানমন্ত্রীর পরিবারও।

ভিভিআইপি লাউঞ্জের স্পিকারের ডানপাশের গ্যালারিতে বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, তারেককন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শামিলা রহমান সিঁথি।

প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু দ্বিতীয় সারিতে বসেছেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল  ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত রয়েছেন।

বাম পাশের গ্যালারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক,চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাই কমিশনাররা অতিথি হিসেবে আছেন।

এছাড়া চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশা চালক নুর মুহাম্মদও দর্শক গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায়।

12 Mar 2026, 01:20 PM

২০ মিনিটের বিরতি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জোহরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে তিনি এই ঘোষণা দেন। সংসদের মাইক এ সময় কাজ করছিল না করিগরি ক্রুটির কারণে। স্পিকার বলেন, তিনি হ্যান্ডমাই ব্যবহার করছেন। হ্যান্ডমাইক ব্যবহার করেই তিনি বিরতির ঘোষণা দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের অধিবেশনের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যাতে সায় দেয় সরকারি ও বিরোধী দল।পরে সভাপতি মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

 

12 Mar 2026, 01:09 PM

সরকারি দলের আসন বণ্টন

ত্রয়োদশ সংসদের প্রথম সারিতে প্রথম আসনটি বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ নেতার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপরে বসেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পরের আসনগুলোর মধ্যে পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহ্‌মুদ, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

প্রথম সারির মাঝের আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জয়নাল আবদিন।

সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার পাশে বসেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এরপরে পর্যায়ক্রমে বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুস সালাম পিন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবর রহমান সরওয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম, এ কে এম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নুর, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

12 Mar 2026, 01:08 PM

নতুন মন্ত্রীর শপথ

টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ নেন।

12 Mar 2026, 12:13 PM

শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

ত্রয়োদশ সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার এ সংসদের উদ্বোধনী অধিবেশনে তারা নির্বাচিত হওয়ার পরপরই সংসদে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে শপথ নেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদকে এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান।

টানা ছয়বারের নির্বাচিত সাংসদ হাফিজ উদ্দিন আহমদ বিএনপি সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বিএনপি-জামায়াত জোট  সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতি করেন।  নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

প্রধান হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। হুইপ রাকিবুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন।

স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন। 

এরপর ডেপুটি স্পিকার হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুদার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

এরপর ৩০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়।

এ সময় সংসদ ভবনে রাষ্ট্রপ্রধানের কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান।

 

 

12 Mar 2026, 11:52 AM

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার হলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।  নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এরপর স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। 

তারপর ডেপুটি স্পিকার হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুদার ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

ডেপুটি স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে কায়সার কামাল নির্বাচিত হন। 

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। 

12 Mar 2026, 11:48 AM

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন।

টানা ছয়বারের নির্বাচিত সাংসদ হাফিজ উদ্দিন আহমদ বিএনপি সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বিএনপি-জামায়াত জোট  সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সাংসদ খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন।  নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

প্রধান হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। হুইপ রাকিবুল ইসলাম ওই প্রস্তাবকে সমর্থন করেন।

স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন। 

12 Mar 2026, 11:12 AM

যাত্রা করল ত্রয়োদশ সংসদ

সংসদ নির্বাচনের এক মাসের মাথায় যাত্রা করল ত্রয়োদশ সংসদ।

বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করছেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়ে সরকার ও বিরোধী দলের সাংসদরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।

জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করেন।

অধিবেশন শুরুতে সংসদ সচিবালায়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন।

সংসদ নেতাসহ অধিবেশন কক্ষ যখন ভরপুর সেই সময়টিতে স্পিকারের চেয়ার ফাঁকা ছিল। সংসদের প্রথম অধিবেশন বলে স্পিকারের চেয়ারের পাশে রাখা হয় রাষ্ট্রপতির চেয়ার।

সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন শুরুর জন্য একজন সদস্যকে নির্বাচনের কথা বলেন। তিনি প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন।

সরকারি দলের পক্ষ থেকে এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নেতার প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

সাংসদরা টেবিল চাপড়ে তাতে সায় দিলে সরকারির দলের প্রথম সারি থেকে খন্দকার মোশাররফ হোসেন উঠে যান। এরপর সংসদ ভবনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রোটোকল বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট অব আর্মস স্যালুট দিয়ে খন্দকার মোশাররফকে স্পিকারের আসনে নিয়ে যান।

দিনের কর্মসূচিতে প্রথমে স্পিকার এবং পরে ডেপুটি স্পিকার নির্বাচনের পর্ব রয়েছে।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয়ে ২০২৪ সালের ৩ জুলাই। সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন ও পাস করা হয়। ৩০ জুন বাজেট বাজেট পাসের পর ৩ জুলাই ওই অধিবেশন শেষ হয়।

এরপর ছাত্র-জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ এগিয়ে নেওয়ার পর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করে। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় পরে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে।

এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশাপাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতিতে বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। পরে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও আলোচনা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশ করা দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতেই থাকবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব নেওয়া হবে।

এরপর উপস্থাপন পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করবেন।

12 Mar 2026, 10:17 AM

লাইভ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে ২০ মাস পর বৃহস্পতিবার বসল সংসদ।

ত্রয়োদশ সংসদের প্রথম এ অধিবেশনের যাত্রার দিনে সাংবিধানিক পদে নির্বাচন, অনেকগুলো অধ্যাদেশ উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণ মিলিয়ে অনেকগুলো সূচি থাকছে।

এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব এবং ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপনের কার্যসূচি রাখার তথ্য মিলেছে জাতীয় সংসদ সচিবালয়ের তরফে।

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরুর প্রথম দিনে আমন্ত্রণপত্রে এ অধিবেশনকে ‘সংসদীয় গণতন্ত্রের পুনঃযাত্রার’ একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে।

নতুন সংসদ যাত্রার সবশেষ খবর জানতে চোখ রাখুন বিডিনিউজ টোয়েন্টিফোরের লাইভ ব্লগে।

সঙ্গে আছি রোকন রাকিব কাজী সারাহ সাদীয়া নূর স্বর্ণ