Published : 24 May 2026, 04:55 PM
ঢাকাসহ দেশের ঊনিশটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া এছাড়াও তিন বিভাগেভারি বৃষ্টিপাতের আভাস এসেছে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলা এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তাপপ্রবাহের ব্যাপারে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়েই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকাসহ আরও ৯টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বহাল আছে এবং তা অব্যাহত থাকতে পারে।"
বুলেটিনে আরও বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজার জেলায়, ৮০ মিলিমিটার।