Published : 05 Oct 2025, 08:40 PM
ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র রোববার রাত থেকেই ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক নিয়োগের এ বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।
সরকারি কর্ম কমিশন-পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাডমিট কার্ড আমরা টেলিটকে পাঠিয়েছি। প্রার্থীরা যাতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন সে জন্য কারিগরি প্রক্রিয়া চালাচ্ছে টেলিটক। এ কাজ শেষ হলে রাত থেকেই প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউন লোড করতে পারবেন।”
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এ পরীক্ষা হবে।
সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ অগাস্ট সন্ধ্যা ৬টায় পর্যন্ত এ বিসিএসের আবেদন চলে।