১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জে এসি বিস্ফোরণ, আহত ৪

শরীর দগ্ধ না হওয়ায় প্রথমে তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 03:09 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

ঢাকার কেরাণীগঞ্জ মডেল টাউন এলাকার একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে একই পরিবারের চারজন আহত হয়েছে। 

শনিবার দুপুর সোয়া ১টার দিকে তাদের নেওয়া হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে। অপরজনেরও শ্বাসনালী পুড়েছে বলে ধারণা করা হচ্ছে।”

আহতরা হলেন, মো. মামুন (৪৫), মামুনের স্ত্রী লাকি (৩৮) এবং তাদের দুই সন্তান মিহাদ (১৬) ও সিয়াম। 

আহত লাকীর বোন ফারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ওই এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় থাকেন। মধ্যরাতে নিচতলার বাইরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়। এতে নিচতলার কেউ আহত না হলেও দোতলায় তার বোনের বাড়িতে আগুন চলে যায়। তাদের কারও শরীর দগ্ধ না হওয়ায় প্রথমে হাসপাতালে নেওয়া হয়েছিল না।

তিনি বলেন, “ওই বাসায় আমার বোন থাকে তার পরিবার নিয়ে। রাতে আগুন লাগলেও তাদের শরীর পোড়েনি। কিন্তু সকাল থেকেই তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। 

“নাক, মুখ জ্বালাপোড়া করছিল এবং থুতুর সঙ্গে কালো ছাইয়ের মতো কিছু একটা আসছে। এ কারণে আমি ওই বাসায় গিয়ে তাদের হাসপাতালে নিয়ে আসি।”