১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ, গণতন্ত্র ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন আন্দা ফিলিপ।

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ, গণতন্ত্র ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা
ছবি: পিএমও

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 04:01 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন।

তিনি বলেন, “এই সাক্ষাতে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র, নির্বাচিত জাতীয় সংসদ কার্যক্রম, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় করেছেন।

“আইপিইউ মহাসচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করছেন, এটা সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।”

উপ প্রেস সচিব বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতা-কর্মী গুম-হত্যা, ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, নিপীড়ন-নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা (বিএনপি) দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।’

“প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও  আমাদের দলের হাত ধরে এসেছে। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। দেশে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।’”

উপ প্রেস সচিব জানান, বৈঠকে আইপিইউ মহাসচিব বলেছেন, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। ইশতেহারে শিক্ষা খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেছেন আইপিইউ সেক্রেটারি।

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে বলেও বৈঠকে মন্তব্য করেন আন্দা ফিলিপ।

উপ প্রেস সচিব বলেন, আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মহাসচিব আশা প্রকাশ করেছেন।

আইপিইউ মহাসচিব গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বলেও শাহাদাৎ স্বাধীন জানান। 

বৈঠকে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয় জানিয়ে উপপ্রেস সচিব বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা এবং ফ্যামিলি কার্ড এর মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সরকারের লক্ষ্য।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।