১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনআইডি প্রকল্পের লোকবলকে রাজস্ব বাজেটের আওতায় আনার দাবি

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, “আমাদের পক্ষে নিয়মকানুনের ভেতরে যতটুকু করা সম্ভব আমরা করব বলেছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 12:07 AM

Updated : 26 Aug 2026, 10:18 AM

চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের অধীন আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ-২) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। 

বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অন্তবর্তীকালীন সরকারের কাছে ‘বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব বাজেটের আওতায় স্থানান্তরের’ বিষয়ে স্মারকলিপিও দেওয়া হয়।

জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, “প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এসেছিলেন; প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের পক্ষে নিয়মকানুনের ভেতরে যতটুকু করা সম্ভব আমরা করব বলেছি। 

“তাদের স্মারকলিপি সরকারের যেখানে যেখানে পাঠানো দরকার, সেখানে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে তাদের দাবিগুলো যৌক্তিকভাবে পূরণ করা হবে।”

আইডিইএ-২ প্রকল্পের নবম থেকে ২০তম গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

 সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মরত লোকজন ঢাকার কর্মসূচিতে যোগ দেন। 

এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা সম্পৃক্ত রয়েছেন। 

তাদের আন্দোলনের কারণে এনআইডি সেবাও বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে ইসি সচিব বলেন, “প্রকল্প কর্মীরা তাদের দাবিগুলো জানিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছেন। মঙ্গলবার এনআইডি সেবাও হয়ত বিঘ্নিত হয়েছে। এখন তাদের জন্য আমরাও উদ্যোগ নিয়েছি; সরকারের কাছে তা পাঠানো হবে। 

“আশা করি, বৃহস্পতিবার থেকে এনআইডি সেবা সুচারু হবে। তারাও অফিসে বসবেন। সাধারণের সেবায় কোনো অসুবিধা হবে না।”

আইডিইএ-২ প্রকল্পে বর্তমানে ২ হাজার ২৩১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।