Published : 13 Jul 2026, 07:28 PM
শহর ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ১ অগাস্ট ‘ঢাকা দিবস’ ঘিরে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং নগর ব্র্যান্ডিংকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ৩১ জুলাই থেকে ৭ অগাস্ট ‘হৃদয়ে ঢাকা’ শিরোনামে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
ঐতিহাসিকভাবে মুঘল সুবাদার ইসলাম খান ১৬১০ সালে ঢাকাকে প্রথম বাংলার রাজধানী ঘোষণা করেন। সে হিসেবে ২০২৬ সালে রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্ণ হচ্ছে। যদিও বিভিন্ন ইতিহাসবিদদের মতে এবং সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণার তথ্য অনুযায়ী, এ শহরের পত্তন আরও অনেক আগে।
অন্যদিকে ১৮৬৪ সালের ১ অগাস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক নগর প্রশাসনের সূচনা হয়েছিল। এই ঐতিহাসিক ভিত্তির স্মরণে প্রতি বছর ১ অগাস্ট ‘ঢাকা দিবস’ হিসেবে উদযাপিত হয়।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের বিস্তারিত তুলে ধরেন সংস্থার প্রশাসক আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘হৃদয়ে ঢাকা’ এটি কেবল একটি উৎসব নয়, বরং ঢাকার ঐতিহ্য পুনর্জাগরণ ও পরিচ্ছন্ন সবুজ নগরী গড়ার একটি দীর্ঘমেয়াদি নাগরিক আন্দোলন।
সপ্তাহব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ৩১ জুলাই ভোরে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’ এবং বিকেলে হাতি, ঘোড়ার গাড়ি, পালকিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে ‘ঢাকা শোভাযাত্রা’ হবে।
১ অগাস্ট ঢাকা দিবসের ভোরে হবে ‘ঢাকা হেরিটেজ ম্যারাথন’। বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।
লালবাগ কেল্লায় ২ অগাস্ট হবে ঘুড়ি উৎসব, বিশেষ ঢাকা আড্ডা এবং সন্ধ্যায় ‘ঐতিহ্যবাহী’ কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩ অগাস্ট বুড়িগঙ্গা নদীতে (খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত) হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
এছাড়া ১ থেকে ৭ অগাস্ট রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে থাকবে ঢাকা নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী। বিটিভিতে থাকবে বিশেষ নাটক ও অনুষ্ঠান। শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। বিপণিবিতানগুলোতে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং সদরঘাট থেকে ঐতিহ্যবাহী নৌযানে ‘হেরিটেজ ক্রুজ’ এর বিশেষ ভ্রমণের আয়োজন হবে।
সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, “ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, বাংলাদেশের প্রতিটি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী এই ঢাকা। সেই ঐতিহ্য ধারণ করেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক রাজধানী গড়ে তোলা ডিএসসিসির লক্ষ্য।”
সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কথা তুলে ধরে প্রশাসক বলেন, “আবহাওয়ার সার্বিক উন্নতি হলে নির্ধারিত সময়েই উৎসব হবে। তবে পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে সূচিতে পরিবর্তন আসতে পারে।”
একটি পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ডিএসসিসি।