১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোনে হতাহতদের স্মরণ, ক্লাস শুরু বুধবার

“এই জায়গাটায় ছোট ছোট শিশুরা ঘোরাফেরা করতো, আজকে ওরা নেই, এই জায়গাটা ফাঁকা,” বলেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

দিন দশেকের ব্যবধানে প্রিয় ক্যাম্পাসই অচেনা ঠেকছে মাইলস্টোন শিক্ষার্থীদের কাছে; বেদনা ভরা হৃদয়ে রোববার তারা স্মরণ করলেন শিক্ষক আর ছোটদের।

এক দুপুরের বিমান বিধস্তের ঘটনায় ওলটপালট হওয়া প্রতিষ্ঠানটি হতাহতদের স্মরণে এদিন দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজন করেছিল। বয়স বিবেচনায় এ আয়োজনে ছোটদের রাখা হয়নি, এসেছিলেন নবম, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

এদিন কোনো ক্লাস হয়নি। শিক্ষার্থীদের কেউ কেউ দুর্ঘটনাস্থল ঘুরে দেখছিলেন।

দ্বাদশ শ্রেণির ছাত্রী তাহা বলছিলেন, “এই জায়গাটায় ছোট ছোট শিশুরা ঘোরাফেরা করতো, আজকে ওরা নেই, এই জায়গাটা ফাঁকা। অন্যরকম লাগছে।”

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ বলেন, “এখানে যেটা হয়েছে সেটা ভোলার মত না। আমাদেরই প্রথমে বিশ্বাস হচ্ছিল না এটা হয়েছে। সেদিন ক্যাম্পাসে থাকা প্রত্যেক শিক্ষার্থী এটা সহজে ভুলতে পারবে না। 

“যারা আমাদের ছেড়ে চলে গেছেন, যারা হাসপাতালে আছেন, তাদের সবার জন্য আমরা অন্তরের অন্তস্থল থেকে দোয়া করেছি।”

দোয়া মাহফিল ও স্মরণসভায় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, “আমাদের নিজেদেরকে এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে। আর যারা চলে গেছে, তাদের ভাই-বোনরা তোমাদের সঙ্গে পড়তেছে। তাদের সঙ্গে কথা বল, তাদের ট্রমা থেকে বের হয়ে আসতে সহযোগিতা কর। 

“এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য আমাদের কাউন্সেলিং সেন্টার করা হয়েছে। আমাদের জীবন একটা চলমান প্রসেস, আমাদের সামনে এগিয়ে যেতেই হবে।”

ক্লাস শুরু বুধবার

ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহ বাদে ক্লাসে ফিরছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

আগামী বুধবার থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। তারা স্মরণসভায় অংশ নিয়েছেন। পুরোদমে ক্লাস শুরু হবে আগামী বুধবার থেকে। 

“সেদিন সকাল সাড়ে ৮টায় পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী সব শ্রেণির ক্লাস শুরু হবে পুরোদমে।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

গত কয়েকদিনে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯ শিক্ষার্থী। এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও কয়েকজন। 

দুর্ঘটনার পর কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী বুধবার থেকে পুরোদমে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।