Published : 04 Jan 2026, 11:59 PM
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ৮টার পর ২৯ বছর বয়সী মো. জুবায়ের নামের এই আসামিকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি ইমাউল হক।
গেল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কার ঘটনায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী ৩৫ বছর বয়সী নাঈম কিবরিয়াকে পিটিয়ে জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় একটি মামলা হওয়ার পর পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করে জুবায়েরকে শনাক্ত করে।
ওসি বলেন, “ভিডিও দেখে র্যাবের সহায়তায় জুবায়েরকে বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।”
ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পরামানন্দপুর গ্রামের বদরুল ইসলাম স্বপনের ছেলে জুবায়ের ভাটার এলাকার সাইদনগর সোসাইটির সবুর কাজীর বাসায় ভাড়া থাকেন।
ওসি বলেন, জুবায়ের একটি বায়িং হাউজে চাকরি করেন।
এদিন নাঈম কিবরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি জানিয়ে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে ‘সচেতন আইনজীব সমাজ’ এর ব্যানারে মানববন্ধন করেন এক দল আইনজীবী।