১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সীতাকুণ্ডে ক্লাসে এসে তিন শিক্ষার্থী অসুস্থ

তীব্র গরমে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম, জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা।

সীতাকুণ্ডে ক্লাসে এসে তিন শিক্ষার্থী অসুস্থ
তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বাড়তি বন্ধের পর রোববার ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:13 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনই চট্টগ্রামে শ্রেণি কক্ষে তিন শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

রোববার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় স্কুল শুরু হওয়ার কিছুক্ষণ পর দশম শ্রেণির জুঁই দাশ, মরিয়ম আক্তার নিপা অষ্টম শ্রেণির মাইসা আক্তার অসুস্থবোধ করেন।এরপর অভিভাবকদের খবর দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে তারা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।

সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা বলেন, “তীব্র গরমে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। ২০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল না। আবার অনেকেই স্কুলে এসে ছুটি নিয়ে চলে গেছে।

ঈদ নববর্ষের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত ২১ এপ্রিল। কিন্তু এপ্রিলের শুরু থেকে টানা তাপপ্রবাহের মধ্যে কয়েক জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় স্কুল-কলেজে ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।

বৃহস্পতিবারের বুলেটিনে আরো তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। তবে এবার ছুটি বাড়াতে রাজি হয়নি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, কোনো জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়া ছাড়িয়ে গেলে স্থানীয় শিক্ষা প্রশাসন নিজেদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা ক্লাসের সময়সীমা পরিবর্তন করতে পারবেন।

নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে অভিভাবকদের একাংশের পক্ষ থেকে যে দাবি উঠেছে, সেটি নাকচ করে তিনি বলেছেন, “সব প্রতিষ্ঠান খোলা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেন?”

মন্ত্রী এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা যশোর খুলনায় মাধ্যমিক স্কুল কলেজ রোববার বন্ধ ঘোষণা করে। তবে যেসব স্কুলে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ আছে, তারা চাইলে স্কুল খোলা রাখতে পারবে।

প্রাথমিক স্কুলে সকালের শিফটে ক্লাস হয় বলে সেগুলো খোলা থাকবে বলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে বার্তা এসেছে।