১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপনে প্রধানমন্ত্রী

২০০৬ সালের পর এবার সেখানে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় আয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 04:49 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে ২০০৬ সালের পর এবারই অনুষ্ঠিত হচ্ছে জন্মজয়ন্তীর রাষ্ট্রীয় আয়োজন।  

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী পালন হচ্ছে ত্রিশালে। এটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের।”

১৯১৪ সালে দারোগা রফিজ উল্লাহ আসানসোলের একটি রুটির দোকান থেকে কিশোর নজরুল ইসলামকে ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা গ্রামে নিয়ে আসেন। সেখানে একটি বৈঠকখানায় থাকতেন নজরুল। পাশের পুকুরে গোসল করতেন, ছুটে বেড়াতেন গ্রামজুড়ে।

পরে তাকে দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করা হয়। স্কুলটি বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হওয়ায় বর্ষাকালে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হতো তাকে। পরে নামাপাড়া বিচুতিয়া বেপারি বাড়িতে লজিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে অষ্টম শ্রেণিতে পড়ার সময় অভিমান করে কাউকে কিছু না জানিয়ে কুমিল্লায় চলে যান নজরুল। এরপর আর কোনোদিন ত্রিশালে ফিরে আসেননি তিনি।

নজরুলের স্মৃতি ধরে রাখতে কাজির শিমলা দারোগাবাড়ি ও বিচুতিয়া ব্যাপারীবাড়িতে গড়ে তোলা হয়েছে দুটি নজরুল স্মৃতিকেন্দ্র। তবে জনবল সংকট ও অবকাঠামোগত নানা সমস্যায় কেন্দ্র দুটি এখন অনেকটাই অবহেলিত।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠানে থাকছে আলোচনা সভা, নজরুল মেলা, বইমেলা, নাচ, গান, আবৃত্তি ও পালাগান।