Published : 05 Jan 2026, 09:03 PM
পৌষের তৃতীয় সপ্তাহে দিনভর থাকছে কুয়াশা, সূর্যের দেখা মেলা ভার; এমন পরিস্থিতির মধ্যে তাপমাত্রা আরও কমার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
সেইসঙ্গে দেশের ১২ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের ব্যাপ্তি মঙ্গলবার আরও বাড়তে পারে।
সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার আরও কিছু জেলায় এ শৈত্যপ্রবাহ বিস্তৃত হতে পারে।”
তিনি বলেন, “আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের তাপমাত্রা কমতে পারে। কিছুটা কমার পর সামান্য বাড়তে পারে। জানুয়ারি আমাদের দেশের শীতলতম মাস, পুরো মাস জুড়েই শীত অনুভূত হবে।”
রাজধানীসহ সারা দেশেই এখন জেঁকে বসেছে শীত।
আবহাওয়াবিদ জেবুন্নেসা বলেন, “কুয়াশা বেশি থাকায় সূর্যের তাপ প্রবেশ করতে পারছে না। এর ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে।”
সোমবার আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, “সোমবার থেকে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
“সোম ও মঙ্গলবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।”
আবহাওয়া অধিদপ্তর বলছে, “মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
“বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”