১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪৪তম বিসিএস: শিক্ষা ক্যাডারে ৩৪৮ প্রভাষক নিয়োগ

যোগ দেওয়ার পর এই কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে এবং তারা দুই বছর শিক্ষানবিশ হিসাবে কর্মরত থাকবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 10:23 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

চুয়াল্লিশতম বিসিএসে চূড়ান্তভাবে নির্বাচিত ৩৪৮ জন প্রার্থী শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।  

রোববার শিক্ষা ক্যাডারে নিয়োগের সুপারিশ পাওয়া এ প্রার্থীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

তাদের সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে যোগদান করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি-নায়েমে তাদের যোগদান প্রক্রিয়া সারা হবে। 

যোগ দেওয়ার পর এই কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে এবং তারা দুই বছর শিক্ষনবিস হিসাবে কর্মরত থাকবেন। 

৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন শনিবার প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। 

গত ১১ নভেম্বর 'ত্রুটি বিচ্যুতি' কাটিয়ে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত মনোনয়ন দিয়ে তৃতীয় বারের মত ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি।

এর আগে গত ৩০ জুন প্রথম দফায় এই বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল। ১ হাজার ৬৯০ জনকে উত্তীর্ণ করে প্রকাশিত ওই ফলে ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি। 

তাই পরে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়, যেখানে কিছু 'ত্রুটি বিচ্যুতি' পেয়েছিল কমিশন। 

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। 

এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ অগাস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের পর 'ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নেয়। 

পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে প্রার্থীদের ভাইভা নেওয়া শুরু করে পিএসসি।