১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে দোকানে ঢুকে যুবককে কুপিয়ে জখম

“পুরনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে,” বলেন পুলিশ কর্মকর্তা ইবনে মিজান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 10:23 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ঢাকার মোহাম্মদপুরে চায়ের দোকানে ঢুকে কয়েকজন মিলে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। 

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চাঁদ উদ্যানের বিপরীতে পাইওনিয়ার সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ বলেছে।

হামলার শিকার হওয়া যুবকের নাম সাগর (২৬)। ডাকাতি ও মাদক কারবারের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা বলেছেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান।

পুলিশ বলছে, সাগর ওই দোকানে বসে চা পান করছিলেন। চাপাতি হাতে আসা দুজন তাকে টেনে বের করে কুপিয়ে চলে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দোকানের সামনে দুজন (সম্ভবত ক্রেতা) দাড়িয়ে আছেন। সামনের সড়ক দিয়ে কয়েকজন যুবক হাটাহাটি করছিলেন। হঠাৎ করে দুই যুবক চাপাতি হাতে দোকানের ভেতরে বসা একজনকে কোপাতে থাকে। এই দুইজনের সঙ্গে আরো দুজন ঘটনাস্থলে আসে। এরপর তারাও ওই যুবককে কুপিয়ে চলে যায়।

আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, “আগের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

“এই ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকাসহ আশপাশে অভিযান অব্যাহত আছে।”