Published : 22 Jul 2025, 08:24 PM
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে যারা আহত হয়েছেন, তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধদের জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে সূত্রের বরাতে জানিয়েছে বিবিসি বাংলা।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে বলেন, “আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক– যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।”
তিনি বলেন, “পাঠানো হচ্ছে মেডিক্যাল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন।”
বিবিসি বাংলা লিখেছে, সোমবার ঢাকায় বিমান দুর্ঘটনার খানিক বাদে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আলাপচারিতায় যেকোনো দরকারে ভারত সহায়তার জন্য প্রস্তুত বলে জানান মিশ্রি।
পরে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। বলেন, এই সংকটে ‘ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত’।
এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সর্বক্ষণ যোগাযোগ থেকেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, ঢাকায় সরকারের তরফে দিল্লিকে জানানো হয়, আহতদের বেশির ভাগের শরীর পুড়ে গেছে। এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, সরঞ্জাম ও অত্যাধুনিক ওষুধপত্র পেলে কাজে দেবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্সসহ দু’জন বিশেষজ্ঞ চিকিৎসকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়।
এরপর ভারত থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।