২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নয় জেলায় শৈত্যপ্রবাহ, জানুয়ারিতে আরও তিনটির পূর্বাভাস

এখন শীতের যে তীব্রতা অনুভূত হচ্ছে, চলতি সপ্তাহে এমটাই থাকবে।

নয় জেলায় শৈত্যপ্রবাহ, জানুয়ারিতে আরও তিনটির পূর্বাভাস
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 07:24 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাবনা, নওগাঁসহ নয়টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

আর চলতি মাসে দেশে দুইটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবওহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে; সেগুলোর মধ্যে একটি বা দুইটি মাঝারী থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপান্তরিত হতে পারে বলে মনে করছেন আবওহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। 

তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

এখন শীতের যে তীব্রতা অনুভূত হচ্ছে, চলতি সপ্তাহে এমনই বহাল থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আবওহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, “দীর্ঘমেয়াদি আবওহাওয়া পূর্বাভাসে জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি বা দুইটি মাঝারী থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপান্তরিত হতে পারে বলে আমরা ধারণা করছি।" 

অধিদপ্তর বলছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচ দিনের আবওহাওয়ার পূর্বাভাসে শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলের ৯টি জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ার বার্তা দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। 

এছাড়া শনি থেকে বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এ পাঁচ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। 

শনি ও রোববার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শনি, রোব ও সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মঙ্গল ও বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়ছে আবওহাওয়া অধিদপ্তর।

দীর্ঘমেয়াদি আবওহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। জানুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এছাড়া জানুয়ারি মাসজুড়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে৷ 

তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।