১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৯তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক নিয়োগের ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু করার কথা জানিয়েছে সরকারি কর্ম কমিশন—পিএসসি।

৯ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 

বৃহস্পতিবার এ বিসিএসের মৌখিক সূচি প্রকাশ করে পিএসসি।

রোববার এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ প্রার্থী।

গত ১০ অক্টোবর  সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আয়োজন করে পিএসসি। 

লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই  ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ অগাস্ট সন্ধ্যা ৬টায় পর্যন্ত এ বিসিএসের আবেদন চলে।

প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি গুনতে হয়েছে। তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ছিল ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।