Published : 08 Feb 2026, 03:26 PM
কারাবন্দি খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতির অভিযোগ থাকায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক। পাশাপাশি তার স্ত্রী শারমিন সালামেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আবেদনে দুদক বলেছে, সালাম মুর্শেদী ও অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্যরা ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন’।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “সালাম মুর্শেদী ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আনা প্রয়োজন।”
সরকার পতনের পর ২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীক গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।