১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ১৭ জুন

ঈদের তিন দিনের ছুটির আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় একটানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকুরেরা।

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ১৭ জুন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 09:32 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১৭ জুন।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

১৭ জুন ঈদ হবে ধরে নিয়েই ১৬ থেকে ১৮ জুন কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

তবে তার আগে দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় একটানা পাঁচদিন ছুটি মিলে যাচ্ছে সরকারি চাকুরেদের জন্য। 

জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করেন। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৬ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন ১৫ জুন হবে হজ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।