১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আত্মসমর্পণের পর ছাত্রদল নেতা রাজ কারাগারে

রাজের আইনজীবী ফারুক বলেন, “আমরা শিগগিরই এসব মামলায় আপিল করবো।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

নাশকতার চার মামলায় নয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার ঢাকার মুখ্য মহানগর আদালত।

এদিন সাবেক ছাত্রদল নেতা রাজ যখন আত্মসমর্পণ করতে আদালতে আসেন, তখন তার সমর্থকরা আদালত চত্বরে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন। 

রাজ প্রথমে শেরাবাংলা নগর থানার মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. জামশেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারর পাঠানোর আদেশ দেন। 

এরপর তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার আরও তিন মামলায় ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন রাজ। পরে এই তিন মামলায়ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর কড়া নিরাপত্তায় রাজকে আদালতের হাজতখানায় নেয়া হয়। 

তখনও তার সমর্থকেরা সিএমএম আদালতের গেইটের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এসময় সেখান দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। স্লোগান দিতে দিতে তারা সিএমএম আদালতের হাজতখানার প্রাঙ্গনে চলে যান। পরে তাদের বুঝিয়ে হাজতখানার ভেতরে যান রাজ।

রাজের আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, “সাবেক ছাত্রনেতা রাজ চার মামলায় প্রায় নয় বছরের দণ্ডিত হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাজে সাজা দেয়। এসব মামলায় আজ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা শিগগিরই এসব মামলায় আপিল করবো।”

তিনি বলেন, শেরেবাংলা নগর থানার মামলায় ২০২৩ সালের ২৮ এপ্রিল রাজকে এক বছর ৬ মাস ১৫ দিন, ২৬ ডিসেম্বর রমনা থানার মামলায় দুই বছরের ৩ মাস, তেজগাঁও থানার মামলায় ১৪ ডিসেম্বর ২ বছর ৯ মাস এবং ১৩ ডিসেম্বর উত্তরখান থানার মামলায় ২ বছরের এক মাস সাজা দেওয়া হয়।