১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেল রাতে আরও ২০ মিনিট বেশি ছুটবে

রোববার থেকে মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 08:44 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

মেট্রোরেল চলাচলের সময় রাতের বেলায় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।

নতুন সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এখন এ পথে শেষ ট্রেন ছাড়ে ১০টা ১০ মিনিটে।

অপরদিকে উত্তরা উত্তর থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৫০মিনিটে; এখন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

মেট্রোরেলের উপ প্রকল্প পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী বলেন, যাত্রী চাহিদার প্রেক্ষিতে রোববার থেকে মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। 

২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। প্রথমদিকে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়।

বর্তমানে প্রতিদিন সকালে সাড়ে ৬টায় উত্তরা ‍উত্তর থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।