শাহজালালে ‘ভুয়া’ কাস্টমস কর্মকর্তা আটক
এপিবিএন বলছে, এ প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরে বিভিন্ন পরিচয়ে সাধারণ যাত্রী ও সহযাত্রীদের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ অপরাধ করে আসছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণার’ অভিযোগে একজনকে আটক করার কথা জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
আটক ব্যক্তির নাম সবুর খান। মো. সুমন মিয়া নামের একজন সোমবার সবুরসহ এক প্রতারকচক্রের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন বলেছে, বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউজ সংলগ্ন এলাকা থেকে ‘কাস্টমসের নকল জ্যাকেট’ পরিহিত সবুরকে হাতেনাতে আটক করা হয়।
এপিবিএনের ভাষ্য, সবুর ও তার সহযোগী হারেস রোববার রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস সংলগ্ন এলাকায় কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সুমনের কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন সেখানে দায়িত্বরত এপিবিএন সদস্যরা সবুর খানকে আটক করেন। তার সহযোগী হারেস তখন স্বর্ণালংকারসহ দৌড়ে পালিয়ে যায়।
এপিবিএন বলছে, এ প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরে বিভিন্ন পরিচয়ে সাধারণ যাত্রী ও সহযাত্রীদের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ অপরাধ করে আসছে। সাম্প্রতিক সময়ে অনেকেই এই চক্রের প্রতারণার শিকার।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দর ঘিরে বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা চোরাচালানকারী ও প্রতারকচক্র নির্মূলে নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।”
