১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উড়োজাহাজ বিধ্বস্ত: আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার

বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তি থাকা আহতদের কাছ থেকে যেন চিকিৎসা খরচ না নেওয়া হয়, সে নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

উড়োজাহাজ বিধ্বস্ত: আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার
ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 01:16 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। 

সোমবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত সব রোগীকে সরকার বিনামূল্যে চিকিৎসা দেবে।”

বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তি থাকা আহতদের কাছ থেকে যেন চিকিৎসা খরচ না নেওয়া হয়, সে নির্দেশনাও রয়েছে বিজ্ঞপ্তিতে। 

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে সোমবার বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়। 

এতে মৃত্যু অন্তত ২০ জনের। দগ্ধ হওয়াসহ নানাভাবে আহত হন দেড় শতাধিক মানুষ।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ উড়োজাহাজটি উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ভবনে বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে ভবন থেকে কেউ বের হতে পারেনি। অনেকেই সেখানে দগ্ধ হন।”