Published : 15 Jul 2026, 01:32 PM
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।
পুলিশ বলছে, আবদ্ধ ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে ওই সেলুনের কর্মীরা এসি বিস্ফোরিত হওয়ার কথা বলছেন।
মঙ্গলবার রাত ১টার দিকে আলু বাজারের ‘আরমান সেলুনে’ এই বিস্ফোরণ ঘটে। পরে ১০ জনকে দগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
তারা হলেন- সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭) এবং গ্রাহক মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।
তাদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সাকিবের পোড়ার মাত্রা কম হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি বলেন, "সম্ভবত ঘরে গ্যাস জমেছিল। তখন এসি চালু থাকায় দরজা জানালা সব বন্ধ ছিল। আবদ্ধ কক্ষে কেউ একজন লাইটার জ্বালালে সেখানে একটা বিস্ফোরণের মত শব্দ করে আগুন জলে উঠে। আগুন আবার নিভেও যায়। এর মধ্যেই ঘরে থাকা ব্যক্তিরা দগ্ধ হন।"
তবে হাসপাতালে ভর্তি আহতরা সেলুনে এসি বিস্ফোরিত হওয়ার কথা বলেছেন বলে ডা. শাওন বিন রহমান জানান।
সেখানে আগুন লাগলেও ফায়ার সার্ভিসকে কল করা হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার খবর তারা পায়নি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বুধবার দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “আগুনে দগ্ধ রোগীর যেসব সেবা পাওয়া দরকার, সেটা ডাক্তাররা দিচ্ছেন। এখনো অনেকের আত্মীয় স্বজন খোঁজ পায়নি হয়ত। তবে ডাক্তার-নার্সরা সর্বোচ্চ সেবা দিচ্ছে।”
মন্ত্রী বলেন, “এসি অনেকে ব্যবহার করেন। কিন্তু অনেক সময় এসিতে গ্যাস থাকে না, কমে যায়। এসির নেটে অনেক সময় জ্যাম হয়ে যায়, এতে বাইরে আসার বাতাস ভিতরেই ঘুরতে থাকে। তাতে দুর্ঘটনা ঘটতে পারে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এসব বিষয়ে সরকার সতর্ক করতে পারে। কিন্তু নিজেদের এসি নিজেদের ঠিকঠাক রাখতে হবে। প্রত্যেকেই যাতে নিজেদের এসি ঠিক রাখে, সেটার ব্যাপারে জাতীয়ভাবে আমরা সতর্ক করব।”