Published : 11 May 2026, 04:57 PM
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মতাদর্শের ভিন্নতার প্রতিফলন হবে কেবল ব্যালটবাক্সে, কিন্তু সরকারি কাজে তার প্রভাব ফেলা যাবে না।
এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই একই মতাদর্শের নাও হতে পারি, কিন্তু আপনারা যখন সরকারের সঙ্গে কাজ করবেন, সেই কাজের মধ্যে যেন নিজেদের ভিন্ন মতাদর্শ প্রতিফলিত না হয়।
“আমি খোলা মনে বলি, আমি মনে করি না যে, সবাই আমরা একই আদর্শ বিশ্বাসী, রাজনৈতিক বিশ্বাসেও ভিন্নমত থাকতে পারে। প্রত্যেকের ভিন্ন মতের প্রতিফলন হবে কেবলমাত্র ভোটের বাক্সে, সরকারি কার্যক্রমে নয়। তার আগে আমরা সবাই এই দেশটাকে ভালোবাসবো। দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো।”
সোমবার দুপুরে তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠানের পরে পুলিশের ঊধর্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠান শেষে হাঁটতে হাঁটতে কুশল বিনিময় করেছেন।
সে সময় ‘নিরাপদ বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব হলে দেশের সবাই ভালো থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা নিজের স্ত্রী-সন্তানের জন্য, তাদের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা যদি সবাই মিলে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে পারি তাহলে সবার ভবিষ্যৎ নিশ্চিত হয়, নিরাপদ হয়, নিরাপদ বাংলাদেশ হলে আমরা সবাই ভালো থাকবা।”

তার কথায়, এই দেশ সবার। সবাই মিলে দেশ রক্ষা করার তাগিদ দিয়ে বলেন, “সবাই মিলে আমরা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। যেখানে সবার ভবিষ্যৎ নিরাপদ থাকবে।"
এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে পুলিশ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় নানা দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
পরে কার্যালয়ের টাইগার গেইটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ফটোশেসনে অংশ নেন প্রধানমন্ত্রী।