সাফ নারী ফুটসাল: বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
“এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।”
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটসাল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।”
প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটসাল দল।
সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস বলেন, “এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।”
বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, “এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”
