Published : 21 May 2026, 11:54 PM
দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে দৃঢ়সংকল্পের কথা বলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সরকার।
বৃহস্পতিবার প্রিটোরিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা দপ্তরের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের ষষ্ঠ বৈঠক থেকে এমন মনোভাব আসে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন; আর দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা দপ্তরের এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত উপ-মহাপরিচালক ডি ম্যালকমসন।
বৈঠকের নিয়ে দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারীসহ নানা কারণে নিয়মিত এই বৈঠকের ক্ষেত্রে ছয় বছরের বিরতি পড়ায় ‘দুঃখপ্রকাশ’ করেছে ঢাকা ও প্রিটোরিয়া।
“এমন প্রেক্ষাপটে, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের পাশাপাশি সবক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতার বাড়ানোর মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার দৃঢ়সংকল্প ব্যক্ত করেছে উভয় দেশ।”
যৌথ বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকাকে ঢাকায় আবাসিক মিশন স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। জবাবে নিকট ভবিষ্যতে তা বিবেচনার কথা বলেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল।
“দ্রুত বাড়তে থাকা দ্বিপাক্ষিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে স্বাগত জানিয়েছে উভয় দেশ এবং সম্পর্ককে গভীর করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকারী অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাণিজ্য সম্পর্কের ভূমিকার কথা উল্লেখ করেছে।”
যৌথ বিবৃতিতে বলা হয়, ঢাকা সফর কিংবা অনুসন্ধান মিশন পরিচালনার পর জন্য দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
“ক্রিকেটের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সুযোগকে কাজে লাগানোর পাশাপাশি ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জনগণের সঙ্গে জনগণের উচ্চ পর্যায়ের বিনিময়কে বিস্তৃত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।”
যৌথ বিবৃতিতে বলা হয়, তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের বৃত্তি দেওয়াকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল এবং পারস্পরিক স্বার্থে এটাকে কাজে লাগাতে একমত হয়েছে দুই দেশ।
কৃষি, প্রতিরক্ষা, পরিবহন এবং শিক্ষার মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সহযোগিতার বিষয়গুলোকে নিয়মিত পর্যালোচনার মধ্যে রাখার কথাও বলা হয়েছে যৌথ বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের পরবর্তী বৈঠক ২০২৭ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে। কূটনৈতিক চ্যানেলে ঠিক হবে দিনক্ষণ।