১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদে জাতীয় দলের ‘ব্যাটিং ব্যর্থতা’ প্রসঙ্গ, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিসিবির নানা পদক্ষেপের কারণে সম্প্রতি ‘বেশ কিছু ইতিবাচক ফলাফল’ দেখা যাচ্ছে, বলেন আমিনুল হক।

সংসদে জাতীয় দলের ‘ব্যাটিং ব্যর্থতা’ প্রসঙ্গ, যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 06:09 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘ব্যাটিং ব্যর্থতা’ কাটাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত তুলে ধরেন। 

আবুল কালামের প্রশ্নে ছিল, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা বারবার দেখা যায়।”

এ পরিস্থিতিতে জাতীয় মর্যাদা এগিয়ে নিতে দলের ব্যাটিংসহ দুর্বলতা চিহ্নিত করে তা নিরসনে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা, তা জানতে চান তিনি।

জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেট দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের, বিশেষ করে ব্যাটসম্যানদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

এ লক্ষ্যে দেশি-বিদেশি অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন কোচ, ফিজিও, ট্রেইনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের ব্যাটিং সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ ও পারফরম্যান্স মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান তিনি।

আমিনুল হক বলেন, এর ফলে সাম্প্রতিক সময়ে ‘বেশ কিছু ইতিবাচক ফলাফল’ দেখা যাচ্ছে।

তিনি বলেন, “আশা করা যায়, ভবিষ্যতে বর্তমান কমিটির নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আরও গতিশীলতা আসবে। বিশেষ করে, দলের ব্যাটিং ইউনিট অতীতের যে কোন সময়ের চেয়েও দলের সাফল্য অর্জনে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক ভূমিকা পালন করতে সক্ষম হবে।”