১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রাণ হারানো ব্যক্তির পরিবারের দায়িত্ব নেবে মেট্রোরেল কর্তৃপক্ষ: উপদেষ্টা

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

মেট্রো লাইনের বিয়ারি প্যাড খসে পড়ে প্রাণ হারানো আবুল কালামের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন  ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেছেন, “নিহতের সমস্ত দায়দায়িত্ব আমরা গ্রহণ করব অর্থাৎ মেট্রোরেল গ্রহণ করবে। 

“প্রাথমিকভাবে এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য দেওয়া হবে। পাশাপাশি তার পরিবারের কেউ কর্মক্ষম থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।”

এদিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে ৩৬ বছর বয়সী আবুল কালামের মৃত্যু হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে আবুল কালাম হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার উপরে পড়লে সেখানেই তিনি মারা যান।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছেন উপদেষ্টা ফাওজুল কবির। 

তিনি বলেন, মেট্রোরেলের সাবেক এমডি ও বর্তমান সেতু বিভাগের সচিব আব্দুর রউফকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। 

“এই কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া তারা আগেও এ ধরনের একটি ঘটনায় যে কমিটি হয়েছিল, তাদের প্রতিবেদন দেখবে। সেখানে যদি কোনো ল্যাপ্স থাকে, সেটাও আইডেন্টিফাই করবে।”

কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্যাড পড়ে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপদেষ্টা ফাওজুল কবির জানান, আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

দুর্ঘটনার পর থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল পরিচালনকারী কোম্পানি ডিএমটিসিএল বলছে, এদিনই মেট্রোরেলের আগারগাঁও থেকে দিয়াবাড়ি অংশ চালু করা হবে।

তবে মতিঝিল অংশ খুলতে কত সময় লাগতে পারে তার ধারণা দিতে পারেনি ডিএমটিসিএল।

এ বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “এটা এখন চালু করা যাবে না। এটা তো এখন ঝুঁকিপূর্ণ, আরেকটা দুর্ঘটনা যদি ঘটে সেটার দায়িত্ব কে নেবে।”