Published : 24 Jul 2025, 06:06 PM
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধদের মধ্যে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাহিয়া নামের ১৫ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয় বলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে।”
এদিন দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ৮৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন ১৫ বছর বয়সী মাহতাব রহমান মারা যায়। তার ঘণ্টা তিনেক পর মাহিয়ার মৃত্যুর খবর আসে।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হল।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু।
দগ্ধ ও আহত ৫৫ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সাতজনের অবস্থা আশঙ্কাজনক।