১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সংগ্রহে ৫ ব্যাংকের সঙ্গে ডিএসসিসির চুক্তি

চুক্তির আওতায় ব্যাংকগুলো অনলাইন ও অফলাইন মাধ্যমে ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি সংগ্রহ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 06:00 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফিসহ বিভিন্ন ফি সহজে সংগ্রহ করতে পাঁচটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার নগর ভবনে এক অনুষ্ঠানে চুক্তি সই হয়েছে বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসির সঙ্গে এসব চুক্তি সই হয়েছে।

ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তির আওতায় ব্যাংকগুলো অনলাইন ও অফলাইন মাধ্যমে ডিএসসিসির হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফিসহ অন্যান্য ফি সংগ্রহ করবে। 

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “সেবা গ্রহণ ও রাজস্ব পরিশোধ যত সহজ হবে, নগরবাসীর সঙ্গে সিটি করপোরেশনের সম্পৃক্ততা তত বাড়বে। ডিএসসিসিকে যুগোপযোগী করে জনগণের কাছাকাছি নেওয়ার উদ্দেশ্যেই আমরা এই পাঁচটি ব্যাংক বেছে নিয়েছি।”

তিনি বলেন, “বর্তমানে নিবন্ধিত হোল্ডিংয়ের সংখ্যা মাত্র ২ লাখ ৯০ হাজার। প্রকৃত সংখ্যার চেয়ে এটি বেশ কম। করের হার না বাড়িয়ে আমরা নতুন নতুন হোল্ডিংকে করের আওতায় আনতে চাই। পাশাপাশি রাজস্ব আহরণ আরও দক্ষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকেও সিটি করপোরেশনের সংগীত বিদ্যালয়, পাঠাগার, ব্যায়ামাগার, পাবলিক টয়লেট, খেলার মাঠ ও রাস্তার নান্দনিকতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসক।