Published : 22 Jan 2026, 12:51 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কমনওয়েলথ যে দল পাঠাচ্ছে, তাতে নেতৃত্বে দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট ন্যানা অ্যাকুফো-আদো।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমনওয়েলথ এ তথ্য জানিয়েছে।
১৪ সদস্যদের এই নির্বাচন পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন সংস্থার মহাসচিব শার্লি বোচওয়ে।
নির্বাচন পর্যবেক্ষকদের এই দলে কমনওয়েলথ দেশগুলো থেকে রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার এবং নির্বাচন প্রশাসনের পেশাজীবীদের থাকার কথা বলেছে কমনওয়েলথ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই পর্যবেক্ষক দল পাঠানোর কথা তুলে ধরে তিনি বলেন, “নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দল পাঠানোর এই সুযোগে আমরা গণতান্ত্রিক সুশাসন জোরদার ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভূক্তিমূলক নির্বাচন প্রক্রিয়ার মৌলিক গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।
“বাংলাদেশে আমাদের উপস্থিতি কেবল পর্যবেক্ষণের দায়িত্ব দিয়ে নয়, বরং গুরুত্বপূর্ণ এই সময়ে গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশিদের আকাঙক্ষা সমুন্নত রাখার প্রতিশ্রুতি দ্বারা চালিত।”
বাংলাদেশের জনগণ তাদের সামগ্রিক আকাঙক্ষার প্রকাশ মুক্তভাবে করতে পারার ক্ষেত্রে সহায়তার জন্য ‘স্বাধীন ও নিরপেক্ষভাবে’ কাজ করার কথা বলেন কমনওয়েলথ মহাসচিব।
তিনি বলেন, “বাংলাদেশের জনগণের সমর্থনে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের জন্য কমনওয়েলথের এই খ্যাতিমান নাগরিকরা তাদের বছরের শুরুটা উৎসর্গ করেছেন, সেজন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমনওয়েলথ সচিবালয় থেকে সংস্থার নির্বাচন সহায়তা বিভাগের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুসের নেতৃত্বে একটি দল এই পর্যবেক্ষকদের কাজে সহায়তা করবে।
মিশন শেষ করার পর পর্যবেক্ষক দলটি কমনওয়েলথ মহাসচিবের কাছে তাদের প্রতিবেদন ও সুপারিশমালা জমা দেবে। এরপর বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসমূহ এবং কমনওয়েলথভূক্ত সব দেশের সরকারের কাছে ওই প্রতিবেদন পাঠানোর পাশাপাশি জনসম্মুখে প্রকাশ করা হবে।
পর্যবেক্ষক মিশন আরও যারা
>>মালয়েশিয়ার সাবেক সেনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি
>>সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ডেভিড জন ফ্রান্সিস
>>মালদ্বীপের সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী জেফরি সালিম ওয়াহিদ
>>দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ম্যান্ডলা মচুনু
>>জাম্বিয়ার সাবেক প্রধান নির্বাচন কমিশনার ক্রাইটিকোস প্যাট্রিক নশিনডানাও
>>মরিশাসের সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ইরফান আবদুল রহমান
>>শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিনেশা সামারত্নে
>>অ্যান্টিগুয়া ও বার্বুডার ‘ক্যারিবিয়ান উইমেন লিডারশিপ’ নামক সংস্থার সভাপতি লেব্রেচটা নানা ওয়ে হেসে-বেইনে
>>কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নেইল ফিলিপ ফোর্ড
>>ফিজির প্যাসিফিক ইয়থ কাউন্সিলের সমন্বয়ক মিলিয়ানা ইগা রামাটানিভাই
>>সিঙ্গাপুরের মানবাধিকার আইনজীবী সঙ্গীতা ইয়োগেদ্রান
>>উগান্ডার আইনের শিক্ষক উইনিফ্রেড তারিয়েবা কিরিয়াবওয়্যার
>>যুক্তরাজ্যের সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ রোজমেরি আয়াজি