বই পড়ে পুরস্কার পেল চট্টগ্রামের ৬ হাজার শিক্ষার্থী
চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে চট্টগ্রাম নগরীর ১০৬টি স্কুলের ৬ হাজার ২৮ শিক্ষার্থী।
শুক্রবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক উৎসবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে পুরস্কার বিতরণের উৎসব শুরু হয়। ৯০টি স্কুলের ৫ হাজার ৩৮০ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে। আর ১৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক ও সংগঠক পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার পাওয়াদের মধ্যে স্বাগত পুরস্কার পেয়েছে ৩ হাজার ৯১ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ১ হাজার ৯২৪ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৮৮২ জন এবং সেরা পাঠক পুরস্কার পেয়েছে ১৩১ জন।
অনুষ্ঠানে সিটি মেয়র শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমারাই দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, সুন্দর ও সার্বভৌম আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। সমাজের অবক্ষয় হয়েছে নৈতিক শিক্ষার অভাবে। আমরা বই পড়ে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করব। এতে করে আমাদের নৈতিক উন্নয়ন হবে এবং সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন ঘটবে।”
অনুষ্ঠানে পাখি বিশেষজ্ঞ, আলোকচিত্রী ইনাম আল, গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড মোরশেদ আহমেদ, অবসরপ্রাপ্ত সচিব শামীম আল মামুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আবদুন নূর তুষার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম শাখার সংগঠক অধ্যাপক আলেক্স আলিম উপস্থিত ছিলেন।
