১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিনের মৃত্যু

দেশের যাত্রী পরিবহন খাতে সুপরিচিত মুখ তিনি।

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিনের মৃত্যু
কফিল উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 10:34 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

বাস অপারেটর কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন মারা গেছেন। 

রোববার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাই মো. হানিফ।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কফিল উদ্দিনের বাবা জয়নাল আবেদীন পরিবহন ব্যবসায় যুক্ত হন। সেই সময়ে ছোট ছেলে মো. হানিফের নামে হানিফ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন তিনি। 

বিএনপির রাজনীতিতে যুক্ত কফিল উদ্দিন সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। এছাড়া সাভার উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। 

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাবেক সভাপতি কফিল উদ্দিন দীর্ঘদিন নানা অসুখে ভুগছিলেন। 

উন্নত চিকিৎসার জন্য তিনি মাসখানেক আগে ভারত যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তার ভাই মো. হানিফকে একুশে অগাস্টের গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগ আমলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘ ১৫ বছর বিদেশে অবস্থান করে ৫ অগাস্ট পটপরিবর্তনের পর দেশে ফেরেন। তিনিসহ সব আসামিই একুশে অগাস্টের গ্রেনেড হামলা থেকে খালাস পান অন্তর্বর্তী সরকারের সময়ে। দেশের বাইরে অবস্থানকালে হানিফ-কফিলদের মা-বাবা মারা যান। 

কফিল উদ্দিনের মৃত্যুর বিষয়ে মো. হানিফ বলেন, “বড়ভাই দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের সঙ্গে আলাপ করে লাশ দেশে আনা হবে বলে জানান তিনি।