১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রা: নারী যাত্রীদের জন্য দুই ট্রেনে ‘বিশেষ কোচ’

জয়ন্তিকা এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ‘বিশেষ কোচ’ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 03:09 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

কোরবানি ঈদ উপলক্ষে তিন দিনের জন্য দুটি ট্রেনে নারী যাত্রীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ কোচ।

সোমবার ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনে যুক্ত হওয়া বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে বিরতিহীন চলাচলকারী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরণের এই সার্ভিস চালু করা হয়।

সোমবার থেকে ঈদের আগের তিন দিন অর্থাৎ বুধবার পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিশেষ কোচ উদ্বোধনের সময় রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে আরও ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান।

এ সময় তারা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তুোষ প্রকাশ করেন এবং এই বিশেষ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ছাড়াও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এদিন ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানানোর কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের।