ফেইসবুকে ভারত থেকে চাল আমদানির ‘ক্রয় আদেশ’, সরকার বলছে ‘ভুয়া’
এই স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’।
ভারত থেকে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানির যে ‘ক্রয় আদেশ’ সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ‘ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলছে খাদ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার তথ্য বিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খাদ্য অধিদপ্তরের নামে গেল ১৬ জুনের একটি ‘তথাকথিত সরকারি ক্রয় আদেশ’ প্রচার হচ্ছে।
সেখানে ভারত থেকে দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়ে তথ্য রয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ক্রয় আদেশ ‘জারি করা হয়নি’ এবং এই স্মারক নম্বর, তথ্য, ভাষা ও উপস্থাপনা সরকারি নথির সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’।
এমনকি খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য অধিদপ্তরের ক্রয় প্রক্রিয়ার সঙ্গেও ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ বলেও সেখানে বলা হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচারিত এ ধরনের ‘ভুয়া সরকারি ক্রয় আদেশ’ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারি কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে বলেও মনে করছে মন্ত্রণালয়।
তাই সকলকে এ ধরনের ‘অপতথ্য ও গুজবে’ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে কোনো নীতিগত সিদ্ধান্ত, ক্রয় কার্যক্রম বা সরকারি আদেশের তথ্য অনুমোদিত ওয়েবসাইট থেকে অনুসরণ ককরতে অনুরোধ করা হয়েছে।
একইসঙ্গে ‘ভুয়া তথ্য প্রচার ও গুজব’ ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও বিবরণীতে বলা হয়েছে।
