১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ২১ কোম্পানির বাস হচ্ছে গোলাপী, চলবে কাউন্টার থেকে

একই রঙে চলাচলকারী এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 09:44 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ঢাকার আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যের ২১টি কোম্পানির বাস চলবে টিকিট কাউন্টার ভিত্তিতে। সবগুলো কোম্পানির বাসের রং হবে গোলাপী। 

আগামী বৃহস্পতিবার থেকেই কাউন্টারের মাধ্যমে বাস পরিচালনার ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। 

মঙ্গলবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস চলবে। একই রঙে চলাচলকারী এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না। 

নগর পরিবহনে শৃঙ্খলা আনতেই এ পদ্ধতি চালু করা হচ্ছে মন্তব্য করে সাইফুল বলেন, “নিয়মনীতির তোয়াক্কা না করে গত ১৬ বছর ধরে ঢাকা শহরে বাস-মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। যত্রতত্র যাত্রী ওঠা-নামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দুর্ঘটনা ঘটছে।

“এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদেরকে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।”

সাইফুল আলম বলেন, গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা হয়। 

“সভার গাড়ির মালিকদের গাড়ি চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বলা হয়েছে। তাই আগামী বৃহস্পতিবার প্রাথমিকভাবে গাজীপুর থেকে আবদুল্লাহপুর হয়ে ঢাকার বিভিন্ন গন্তব্যে চালকরা টিকেট কাউন্টার ভিত্তিতে গাড়ি চালাবেন।”

সংবাদ সম্মেলনে মো. সাইফুল আলম বলেন, টিকেট কাউন্টার ভিত্তিতে গাড়ি পরিচালনায় বাস চালক এবং চালকের সহকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলো টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।