২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘রবীন্দ্রপদক’ পেলেন সৈয়দ আকরম হোসেন

“আজকের এই পদকপ্রাপ্তি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের,” পদক পেয়ে বলেন আকরম হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 09:26 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

‘রবীন্দ্রপদক’ ও গুণিসম্মাননা পেয়েছেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন।

শনিবার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়।

আকরম হোসেন বলেন, “আমি আত্মিক জায়গা থেকে ঘোষণা করছি, আজকের এই পদকপ্রাপ্তি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের। আমি সংশ্লিষ্টদের কাছে ঋণী।”

শুক্রবার সকাল থেকে ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বার্ষিক অধিবেশন। সম্মেলনের উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

শনিবার সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯টায়। সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করেন। সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বর্তমান সভাপতি মফিদুল হক এবং সাধারণ সম্পাদক লিলি ইসলামকে নিজ পদে রেখেই ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া বুলবুল ইসলাম নির্বাহী সভাপতি এবং জহিরুল হক খানকে কোষাধ্যক্ষ করা হয়।

বর্তমানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সক্রিয় শাখা রয়েছে ৮২টি। সংগঠনের লক্ষ্য সকল প্রতিবন্ধকতা দূর করে বাঙালির জাতীয় সংস্কৃতির সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের ধারাকে সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা।