Published : 05 Aug 2025, 06:27 PM
জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে সরকারি কর্ম কমিশন-পিএসসিতে কোনো ধরনের অনিয়ম-অন্যায় হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
মঙ্গলবার পিএসসিতে ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’ উদযাপনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন বলে কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তিনি বলেন “কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কমিশনে কোনো ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দেব না।”
অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, তরুণ প্রজন্ম যে বৈষমমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে তাদের এই আত্মত্যাগ ‘ব্যর্থ হতে দেব না।”
তিনি জুলাই শহীদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রেখেছেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর আন্দোলনে আত্মোৎসর্গকারী এবং আহতদের নিয়ে নির্মিত মিউজিক ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় কমিশনের সদস্যরা, কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।