১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘উড্ডয়ন ত্রুটির’ কারণে মাইলস্টোনে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন

জননিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ।

‘উড্ডয়ন ত্রুটির’ কারণে মাইলস্টোনে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবনের বাইরে উৎসুক মানুষের ভিড়। ফাইল ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। 

ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। 

এদিন বিকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু। 

শফিকুল আলম বলেন, “এই দুর্ঘটনার উপর গত ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আজকে কমিটির প্রধান লেফটেনন্ট জেনারেল কামরুল হাসান প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

“তদন্ত কমিটি বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্তসহ ১৫০ জনের সাথে কথা বলেছেন। ১৬৮টি তথ্য উদঘাটন করে ৩৩টি সুপারিশমালা দিয়েছেন।”

প্রেস সচিব জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “মাইলস্টোনের ওই ভবনটি রাজউকের বিল্ডিং কোড নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হয়নি। ওই বিল্ডিংয়ে কমপক্ষে তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল মাত্র একটি। এখানে আরও সিঁড়ি থাকলে হতাহতের পরিমাণ কম হতো।” 

বরিশাল ও বগুড়ায় বিমানবন্দরের রানওয়েগুলো আরো সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।