১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সৌদিতে বাংলাদেশের পাসপোর্টে রোহিঙ্গাদের আগ্রহ কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

“মিশনে জমা পড়া আবেদনের তুলনায় পাসপোর্টের এনরোলমেন্টে উপস্থিতির হার অনেক কম,” বলেন জাহাঙ্গীর আলম।

সৌদিতে বাংলাদেশের পাসপোর্টে রোহিঙ্গাদের আগ্রহ কম: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 08:32 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার ব্যাপারে ‘আগ্রহ কম’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে এলে এ তথ্য দেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি রাষ্ট্রদূত তাদের দেশে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

জবাবে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে। এটি ত্বরান্বিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকটি বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে মিশনে আসা আবেদনের তুলনায় পাসপোর্টের এনরোলমেন্টে উপস্থিতির হার অনেক কম রয়েছে।”

বিষয়টি এরই মধ্যে সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো হয়েছে বলে রাষ্ট্রদূতকে জানান উপদেষ্টা। 

বৈঠকে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান উপদেষ্টা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও জানতে চান।

জবাবে উপদেষ্টা বলেন, “নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আর আমরা এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।”